পূর্বের সব নিয়োগ বাতিল, নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

 

পূর্বের সব নিয়োগ বাতিল, নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি

আইন ও আদালত ডেস্ক | দৈনিক প্রতিকার

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে বিভিন্ন সময়ে জারি করা স্মারকমূলে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এরপর বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুনভাবে ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সর্বোচ্চ আদালত—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে নতুন আইন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা আরও কার্যকর, গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যেই নতুন করে আইন কর্মকর্তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় সরকারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন এবং আদালতে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের প্রধান দায়িত্ব। নতুন নিয়োগের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আইন অঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা।


No comments

Powered by Blogger.